দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নতুন বছরকে বরণ করে নিতে মেতে উঠেছে পুরো দেশ। আনন্দঘন এই দিনে ভক্তদের নতুন সাজে ধরা দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন শোবিজ অঙ্গনের জনপ্রিয় তারকারা। জাঁকজমকপূর্ণ সাজ ও চিরচেনা বাঙালিয়ানায় নিজেদের মেলে ধরেছেন তারা।
জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান একটি ভিডিও শেয়ার করে নববর্ষের ঐতিহ্য তুলে ধরেছেন। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘চৈত্রের শেষ রাত, আলপনা আর নতুন শুরুর গল্প; আমাদের পহেলা বৈশাখের এক অবিচ্ছেদ্য রীতি। প্রতি বছরের একটি আবশ্যিক রীতি। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা, শুভ নববর্ষ।’
এদিকে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবার নিজেকে রাঙিয়েছেন উৎসবের রঙে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা আলোকচিত্রে তাকে দেখা গেছে লাল-সাদা শাড়ির স্নিগ্ধতায়। বাহারি রঙের ঘুড়ির ব্যাকগ্রাউন্ডে পোজ দেওয়া সেই ছবিগুলোর ক্যাপশনে মেহজাবীন লিখেছেন, ‘আমার বৈশাখ’।
তার পরনে ছিল লাল-সাদা রঙের টাই-ডাই করা আভিজাত্যপূর্ণ শাড়ি। সাজের পূর্ণতা দিতে তিনি বেছে নিয়েছেন রূপালি গয়না এবং হাতের মল্লিকা ফুলের মালা। খোলা চুলের মিষ্টি হাসিতে তারকার এই লুক ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছে।
চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন একগুচ্ছ ছবি শেয়ার করে। হালকা গোলাপি আভাযুক্ত শাড়ি আর গাঢ় রঙের ব্লাউজে তার ঐতিহ্যবাহী সাজ নজর কেড়েছে সবার। ক্যাপশনে মিম লিখেছেন, ‘শুভ নববর্ষ। নতুন বছর, নতুন স্বপ্ন, নতুন শুরু।’ সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি।
পিছিয়ে নেই ঢালিউড কুইন অপু বিশ্বাসও। নববর্ষের সকালে নিজেকে জাঁকজমকপূর্ণ সাজে মেলে ধরেছেন এই অভিনেত্রী। সাদা শাড়িতে নীল ও লাল রঙের জ্যামিতিক নকশার ছোঁয়ায় যেন ফুটে উঠেছে বসন্ত ও বৈশাখের এক অপূর্ব সংমিশ্রণ। ভক্তদের শুভেচ্ছা জানিয়ে অপু লিখেছেন, ‘নতুন রঙের ছোঁয়ায় রাঙুক প্রতিটি দিন। সবাইকে জানাই বাংলা নববর্ষ ১৪৩৩-এর আন্তরিক শুভেচ্ছা। শুভ নববর্ষ।’
/অ